পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষকরা! প্রতিবাদে উত্তাল বিহার, সরকারের বিরুদ্ধে গর্জন রাহুলের

বিহারের পাটনায় শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। এই শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন।
বুধবার পাটনার বিজেপি কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটে। টিআরই-৩ (TRE-3) পরীক্ষার ফল প্রকাশের দাবিতে কয়েকশ’ চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভকারীরা বিহার সরকার এবং বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয়।
এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী তাঁর এক্স (X)-এ একটি পোস্টে লেখেন, “যখন আমরা কর্মসংস্থান চাই, তখন আমরা লাঠিচার্জ পাই। অধিকারের বদলে আমরা অত্যাচার পাই।” তিনি আরও বলেন, “এবার বিহারের যুবকরা এই ‘গুণ্ডা’ সরকারকে তার আসল জায়গা দেখিয়ে দেবে, গণনা শুরু হয়ে গেছে।”
পাটনার এসপি দীক্ষা জানিয়েছেন, বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করা হয়েছিল, কারণ এর ফলে যানজট তৈরি হচ্ছিল। যখন তাঁরা রাজি হননি, তখন পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। তবে, বিক্ষোভকারীরা দাবি করেছেন যে এই লাঠিচার্জে অনেকেই আহত হয়েছেন।
আন্দোলনকারী আমান কুমার জানান, শিক্ষা দফতরের কর্মকর্তারা ফল প্রকাশের ব্যাপারে আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরীক্ষায় মোট ৮৭ হাজার ৭৭৪টি পদ পূরণের কথা থাকলেও, এখন পর্যন্ত মাত্র ৫১ হাজার প্রার্থীর নিয়োগপত্র মিলেছে। এই ঘটনার পর বিহারের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।