কাসুন্দি ইলিশে জমুক উৎসবের ভূরিভোজ! রইল জিভে জল আনা রেসিপি

বাঙালি আর ইলিশ— এই দুইয়ের সম্পর্ক চিরন্তন। বর্ষা হোক বা উৎসবের মরশুম, ইলিশের যেকোনো পদই যেন পাতে পড়লে এক হাতা ভাত বেশি খাওয়া হয়ে যায়। বাড়িতে যদি কাসুন্দি থাকে, তবে এবার সেই ইলিশ দিয়ে তৈরি করে ফেলুন এক ভিন্ন স্বাদের পদ— ‘কাসুন্দি ইলিশ’।

কাসুন্দি ইলিশ তৈরির সহজ রেসিপি
উপকরণ:

ইলিশ মাছ: ৫-৬ টুকরো

কাসুন্দি: আধ কাপ

সরষের তেল: আধ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাঁচা লঙ্কা: ৪-৫টি

নুন: পরিমাণ মতো

প্রণালী:
১. প্রথমে মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিন।
২. একটি বড় পাত্রে কাসুন্দি, সরষের তেল, নুন এবং হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
৩. এই মিশ্রণের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন।
৪. এবার একটি কড়াইতে কিছুটা জল গরম করুন। এর উপরে একটি স্ট্যান্ড অথবা ছোট বাটি বসান।
৫. ম্যারিনেট করা মাছের টুকরোগুলো একটি স্টিলের টিফিন বক্সে রাখুন এবং এর ওপর বাকি সরষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।
৬. টিফিন বক্সটি সাবধানে গরম জলের কড়াইয়ের মধ্যে বসিয়ে দিন, খেয়াল রাখবেন যেন ভেতরে জল না ঢোকে।
৭. টিফিন বক্সটি ঢেকে দিয়ে ১৫ মিনিটের জন্য ভাপিয়ে নিন।

ব্যাস, তৈরি আপনার সুস্বাদু ‘কাসুন্দি ইলিশ’। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে উপভোগ করুন এই ভিন্ন স্বাদের বাঙালি পদ।