কারাগারে দুর্গাপূজা! ‘সেভ ওয়াটার সেভ আর্থ’ থিমে সেজে উঠছে বহরমপুর সংশোধনাগার

মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এবার দুর্গা পূজার থিম ‘সেভ ওয়াটার সেভ আর্থ’ (জল বাঁচান, পৃথিবী বাঁচান)। এই অভিনব থিমের মাধ্যমে সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় কারা কর্তৃপক্ষ।

প্রতি বছর বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রিয়েশন ক্লাব নতুন নতুন থিমের মাধ্যমে পূজায় চমক দিয়ে থাকে। এবার তাদের ৭৯তম বর্ষে এই থিমটি নির্বাচন করা হয়েছে। জানা গিয়েছে, যারা একসময় অপরাধ করেছেন, সেই বিচারাধীন ও সাজাপ্রাপ্ত আবাসিকরাই নিজেদের হাতে তৈরি করছেন পূজামণ্ডপ ও অন্যান্য সজ্জা। তাদের এই শিল্পকর্মের মধ্য দিয়ে জল সংরক্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরা হচ্ছে।

পূজা কমিটির সেক্রেটারি সুতনু মালাকার জানান, এই বছর ১৪ জন আবাসিক মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রায় সব কাজই করছেন। যদিও দুর্গা প্রতিমা তৈরির দায়িত্ব এবার বাইরে থেকে আসা একজন মৃৎশিল্পীকে দেওয়া হয়েছে, কারণ যে আবাসিক প্রতিমা তৈরি করতেন, তিনি অসুস্থ।

ডিআইজি-র তত্ত্বাবধানে এই পূজার পরিকল্পনা করা হয়েছে, আর আবাসিকরা তাঁদের ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন। এই উদ্যোগটি একদিকে যেমন কারাবন্দীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে, তেমনই এটি সমাজের কাছেও একটি দৃষ্টান্ত স্থাপন করছে।