পুরুষদের কাজ ছিনিয়ে নিলেন মহিলারা! বাংলার এই গ্রামে শুধু মহিলারাই বাজান ঢাক, কেন জানেন?

বাঁকুড়ার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্রাম সাহসপুর দাসপাড়ার মহিলারা এবার পুজোয় নতুন ইতিহাস গড়তে চলেছেন। সংসারের যাবতীয় কাজ এবং পরের জমিতে শ্রমিকের কাজ করার পাশাপাশি, তাঁরা নিজেরাই তৈরি করেছেন একটি মহিলা ঢাকি দল। পুরুষদের পাশাপাশি এবার তাঁদের হাতেই বেজে উঠবে ঢাক, আর তাঁরা পাড়ি দেবেন দেশের বিভিন্ন প্রান্তে।
এই মহিলা ঢাকি দলের সদস্য লতা, অনিমা, অসীমা-সহ মোট দশজন। তাঁদের এই উদ্যোগ যেন জীবনের সব প্রতিকূলতাকে জয় করার এক প্রতিচ্ছবি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরও তাঁরা প্রতিদিন ঢাকের মহড়া দেন, কারণ দুর্গাপূজার এই কয়েকটি দিনের উপার্জনেই তাঁদের পরিবারে স্বচ্ছলতা আসে।
কোথা থেকে এল এই ভাবনা?
এই মহিলাদের ঢাক বাজানোর পিছনে রয়েছে এক অদম্য জেদ এবং এক বেদনাদায়ক গল্প। কিছু বছর আগে গ্রামের এক অনুষ্ঠানে বাইরে থেকে কিছু মহিলা ঢাক বাজাতে এসেছিলেন। তাঁদের দেখে সাহসপুরের মহিলারা ভাবেন, বাইরের মহিলারা যদি ঢাক বাজিয়ে উপার্জন করতে পারেন, তাহলে তাঁরা কেন পারবেন না? সেই ভাবনা থেকেই তাঁরা এই দল গঠন করেন।
তাঁদের বাজানোর ধরণ দেখলে অবাক হতে হয়। কখনও তাঁরা ঢাকের উপর চড়ে, কখনও মাথায় ঢাক নিয়ে, আবার কখনও মুখে কামড়ে ঢাক বাজান। একজন মহিলা একসঙ্গে কয়েকটি ঢাক নিয়েও বাজাতে পারেন। এই জীবন্ত দশভূজারা তাঁদের অসামান্য প্রতিভার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে, নারীরা কেবল সংসারই নয়, সমাজের প্রচলিত পেশাকেও নিজেদের করে নিতে পারেন।