পুজোর মুখে ভিলেন আবহাওয়া! প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হবে রাজ্য, রইল বড় আপডেট

আসন্ন বিশ্বকর্মা পুজো এবং উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এখনই বৃষ্টি ও দুর্যোগের হাত থেকে কোনো নিস্তার নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের দুটি উপকূলবর্তী জেলায় পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা করে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে চরম সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে দেশের উত্তর ও মধ্যভাগ থেকে শুরু করে পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে গত ৯ সেপ্টেম্বর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, যার জেরে কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, চলতি সপ্তাহের আজ ও আগামীকাল অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার কলকাতার আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণও কিছুটা কম হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে স্বস্তির এই অবকাশ দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তেই অর্থাৎ আগামী শনি ও রবিবারে ফের নতুন করে দুর্যোগের মুখ পড়তে চলেছে তিলোত্তমা। উইকএন্ডে শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ পাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উৎসবের আনন্দ মাটি হওয়ার আশঙ্কায় এবং পুজোর বাজার ও কেনাকাটার পরিকল্পনায় জল পড়ার উপক্রম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।