পুজোর থিমে উঠে এল ‘বাবার গল্প’, মণ্ডপে পা দিলেই চোখের কোণে জল! অভিনব ভাবনা পানশিলা ঠাকুরবাড়ির

যাঁর হাত ধরে হাঁটা শেখা, যাঁর কাঁধে চড়ে পৃথিবী দেখা—সেই বাবার নিঃস্বার্থ ভালোবাসা ও নীরব আত্মত্যাগ দুর্গাপূজার থিমে তুলে ধরেছে পানশিলা ঠাকুরবাড়ি। এই বছর ৭৬তম বর্ষে পা রাখা এই পুজোর থিমের নাম রাখা হয়েছে ‘শ্রীচরণেষু’।
মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে এক হৃদয়স্পর্শী দৃশ্য: বাবা রিকশা টানছেন আর মা সন্তানদের নিয়ে সেই রিকশার আসনে বসে আছেন। শিল্পী পার্থ মাইতির নিঁখুত শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে এক বাবার হাড়ভাঙা পরিশ্রমের ছবি। যিনি সারাদিনের অফিসের চাপ সামলেও সন্তানের পড়াশোনার দায়িত্ব নেন, মায়ের বকুনি থেকে বাঁচান—সেই নীরব যোদ্ধার গল্পই যেন মণ্ডপের প্রতিটি ছত্রে ছত্রে লেখা।
শিল্পী পার্থ মাইতি জানান, তিনি এই পুজো কমিটির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। নিজের বাবাকে ক্যান্সারে হারানোর পর থেকেই তাঁর ইচ্ছে ছিল, বাবাকে উৎসর্গ করে কিছু করার। এই ভাবনা থেকেই এবারের থিম, যা পৃথিবীর সমস্ত বাবাকে উৎসর্গ করা হয়েছে।
জন্ম থেকে বেড়ে ওঠার প্রতিটি ধাপে বাবার অবদান অনেক সময়ই আড়ালে থেকে যায়। পানশিলা ঠাকুরবাড়ি এবার সেই বাবাদের গল্পই সবার সামনে তুলে ধরেছে। এই মণ্ডপ পরিদর্শন করলে যে কোনো মানুষ নিজের বাবার প্রতি আবেগপ্রবণ হয়ে উঠবেন।
আগামীকাল মহালয়ার সকালে প্রখ্যাত ভাস্কর শ্রী সুকান্ত রায় পানশিলা ঠাকুরবাড়ির প্রতিমার চক্ষুদান করবেন।