পুজোর আমেজেই জলহীন শিলিগুড়ি, পাইপ ফেটে পানীয় জল পরিষেবা ব্যাহত! ক্ষুব্ধ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা

রাজ্যজুড়ে যখন মা দুর্গার আরাধনায় সকলে মেতে উঠেছেন, ঠিক তখনই শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সমস্যা। পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে বলে জানা যাচ্ছে। এদিন সকাল থেকে পুরসভার ১২ ও ২৯ নং ওয়ার্ডের একাংশ এবং ১৫ থেকে ২৪ নং ওয়ার্ডে পুরসভার পানীয় জল পরিষেবা ব্যাহত হওয়ায় বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা।
পুরসভার বিকল্প ব্যবস্থা এবং আশ্বাস
জল সমস্যার জেরে পুজোর উৎসবমুখর সময়ে শহরের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ‘অচল’ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও জল নিয়ে অসন্তোষ ও জলঘোলা শহরে।
পানীয় জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত এই বিষয়ে বলেন, “বিকেলের মধ্যে স্বাভাবিক হবে। কাল রাতভর কাজ হয়েছে।”
জানা যাচ্ছে, পুরসভার কর্মীরা রাতভর কাজ চালিয়ে ফেটে যাওয়া পাইপ মেরামতের চেষ্টা করেছেন এবং আশা করা হচ্ছে, বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শহরবাসী ফের জল পরিষেবা পাবেন।