পুজোর আগে স্বস্তি নেই, ফের বৃষ্টির ভ্রূকুটি! ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

দুর্গাপুজো শুরুর ঠিক আগেই নিম্নচাপের ঘনঘটায় অশনি সংকেত দেখছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পুজো শুরুতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
আজ, সোমবার থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে, যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সোমবার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে, কিন্তু মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কমবে। মূলত স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টি হতে পারে।
এই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উৎসবের আনন্দে বৃষ্টির বাধা পড়ার সম্ভাবনা প্রবল।