পুজোর আগে বড় চমক, জিএসটি সংস্কারকে ‘ডাবল ডোজ’ বললেন প্রধানমন্ত্রী মোদী

পুজোর আগেই দেশের সাধারণ মানুষের জন্য সুখবর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি (GST) সংস্কারের নতুন ধাপকে ‘ডাবল ডোজ’ বলে বর্ণনা করেছেন। নতুন এই কর ব্যবস্থা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তিনি দাবি করেন। জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বেশিরভাগ পণ্য ও পরিষেবায় করের ধাপ কমে ৫ শতাংশ ও ১৮ শতাংশ করা হয়েছে। নবরাত্রির প্রথম দিন, অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন এই কর ব্যবস্থা কার্যকর হবে।
মোদী কী বললেন?
দিল্লির একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এখন জিএসটি আরও সহজ হয়ে গিয়েছে। মাত্র দুটি স্ল্যাব রয়েছে – ৫% এবং ১৮% – যা প্রতিটি নাগরিক এবং ব্যবসার জন্য সহজ।” তিনি এই সিদ্ধান্তকে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি ‘বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।
মোদী তাঁর বক্তব্যে বলেন যে, এই নতুন কর ব্যবস্থা দেশের ‘সাপোর্ট ও গ্রোথ’-এর জন্য একটি ‘ডাবল ডোজ’ হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, এই সংস্কার সমাজের সব স্তরের মানুষের জন্য উপকারী হবে— সাধারণ মানুষের পারিবারিক বাজেট থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) এবং ভোক্তাদের মনোভাবকেও এটি প্রভাবিত করবে।
কী পরিবর্তন এল জিএসটিতে?
আগের চারটি করের ধাপের (৫%, ১২%, ১৮%, ২৮%) পরিবর্তে এখন থেকে বেশিরভাগ পণ্যের জন্য দুটি ধাপ কার্যকর হবে। এর ফলে গাড়ি ও স্কুটারের মতো পণ্য আরও সাশ্রয়ী হবে। গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়াও ‘সিন গুডস’ (Sin Goods)-এর ওপর ৪০% কর ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ‘X’ পোস্টে এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্ত এবং যুবকদের জন্য উপকারী বলে উল্লেখ করেছেন।