পুজোর আগে চরম রাজনৈতিক তরজা! বামেদের বুকস্টল মামলার শুনানিতে কী পরামর্শ দিলেন বিচারপতি?

শারদোৎসবের ঠিক প্রাক্কালে দুর্গাপুজোয় বামেদের বইয়ের স্টল বসানোর অনুমতি ঘিরে রাজনৈতিক ও আইনি লড়াই চরমে উঠেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নৈহাটিতে দুর্গাপুজোর দিনগুলিতে বুকস্টল করার অনুমতি চেয়ে সিপিএমের দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলার শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, দ্রুত শুনানির কোনো যৌক্তিকতা নেই এবং পরামর্শ দিয়ে বলেন, “দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন।”

জানা গিয়েছে, বনগাঁর যশোর রোডের পাশে দীর্ঘদিন ধরে পুজোর সময় বামেদের পক্ষ থেকে বইয়ের স্টল করা হয়। কিন্তু এবার সেখানে কাঠ ও বাঁশ জড়ো করে স্টল তৈরির কাজ শুরু করার আগেই হিন্দু জাগরণ মঞ্চের লোকজন বাধা দেয় এবং সিপিএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডেও সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বামেদের অভিযোগ, তাদের পার্টি অফিস দখল করে স্টল বসাতে বাধা দিতে আসতেই এই হামলা চালানো হয়েছে, যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বইয়ের স্টল দেওয়া নিয়ে বাম শিবিরকে প্রকাশ্যেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, শারদোৎসবের পরিবর্তে যারা তথাকথিত কমিউনিস্ট মানসিকতা নিয়ে স্টল করবে, তাদের যেন কোনো পুজো কমিটি অনুমতি না দেয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই এন্টালির একটি দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে ‘বাম বধের’ ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়, যা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। সবমিলিয়ে, পুজোর মুখে বইয়ের স্টল করাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ এখন চড়চড়িয়ে বাড়ছে।