পুজোর আগেই হেঁসেলে স্বস্তি, কমছে বহু পণ্যের দাম! ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন GST নিয়ম

দেবীপক্ষের শুরুতেই সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসছে সরকার। আগামী সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের জিএসটি (GST)। এর ফলে নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের দাম কমবে, যা পুজোর মরসুমে সাধারণ মানুষকে বড় স্বস্তি দেবে। মারুতি এবং মাদার ডেয়ারি ইতিমধ্যেই তাদের পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে।

২২ সেপ্টেম্বর থেকে জিএসটি-র মাত্র দুটি স্তর থাকবে: ৫% এবং ১৮%। বিলাসবহুল পণ্যের ওপর ৪০% এবং তামাকজাত পণ্যের ওপর ২৮% জিএসটি-র সঙ্গে বাড়তি সেস থাকবে। পুরোনো ৫%, ১২%, ১৮% এবং ২৮%-এর মতো একাধিক স্তর অবলুপ্ত করা হচ্ছে।

কী কী জিনিসের দাম কমবে?
নতুন নিয়মে বহু জিনিসের দাম কমবে। নিচে কিছু পণ্যের তালিকা দেওয়া হলো:

ব্যক্তিগত স্বাস্থ্য: টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চুলের তেল, থার্মোমিটার, গ্লুকোমিটার এবং চশমার ওপর জিএসটি কমছে।

কৃষি পণ্য: ট্রাক্টরের টায়ার, যন্ত্রাংশ, নির্দিষ্ট কিছু কীটনাশক, সার, ড্রিপ সেচ এবং জল ছেটানোর যন্ত্রপাতির দাম কমবে।

শিশুদের সামগ্রী: ফিডিং বটল, বেবি ন্যাপকিন এবং ক্লিনিক্যাল ডায়াপারের জিএসটি ১২% থেকে কমে ৫% হচ্ছে।

শিক্ষা ও লেখালেখির সামগ্রী: বলপয়েন্ট পেন, স্কুল ব্যাগ, এবং স্কুলের চক ১৮% বা ১২% থেকে কমে শূন্য জিএসটি-তে আসছে। মানচিত্র, চার্ট ও গ্লোব-এর ওপরও কোনো জিএসটি লাগবে না।

গৃহস্থালি সামগ্রী: বাসনপত্র, সেলাই মেশিন ও তার যন্ত্রাংশের দাম কমছে। ডিশ ওয়াশিং মেশিনের জিএসটি ২৮% থেকে ১৮% হচ্ছে।

অন্যান্য: মাখন, ঘি, চিজ, প্যাকেট করা নোনতা খাবার ও ভুজিয়ার ওপর জিএসটি ৫% হবে। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমার ওপর থেকে পুরো ছাড় দেওয়া হয়েছে।

এই নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলোকে পণ্যের প্যাকেটে পুরনো এবং নতুন – দুটি দামই উল্লেখ করতে হবে। তাই, জিনিস কেনার সময় ক্রেতাদের সচেতন থাকতে হবে।