‘আত্মনির্ভর ভারত’-এ বড় পদক্ষেপ, Tejas Mk-2 -AMCA-এর ইঞ্জিন অফার করল ফ্রান্সের সাফরান

ভারতের দেশীয় যুদ্ধবিমান কর্মসূচি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ফরাসি মহাকাশযান নির্মাতা কোম্পানি সাফরান (Safran) ভারতের কাছে একটি বড় প্রস্তাব জমা দিয়েছে, যেখানে তারা তেজস এমকে-২ এবং পরবর্তী প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ)-এর জন্য ভারতে একটি সম্পূর্ণ ইঞ্জিন উৎপাদন ইকোসিস্টেম তৈরি করতে চায়।
সাফরানের এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা চলছে। ভারতের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে আরও জোরদার করতে সাফরানের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সাফরান কেবল তেজস এমকে-২-এর জন্য ইঞ্জিন তৈরির প্রস্তাবই দেয়নি, বরং এএমসিএ-এর মতো আধুনিক স্টিলথ ফাইটারের জন্য আলাদা ইঞ্জিন তৈরিরও প্রস্তাব দিয়েছে। এর মানে হলো, কোম্পানিটি ভারতে নকশা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত একটি সম্পূর্ণ ইঞ্জিন উৎপাদন নেটওয়ার্ক স্থাপন করতে আগ্রহী।
বর্তমানে, ডিআরডিও (DRDO) সাফরানের প্রস্তাবের প্রযুক্তিগত দিক এবং ইঞ্জিনের বৈশিষ্ট্যগুলো নিয়ে গভীর পর্যালোচনা করছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই প্রস্তাব যদি গৃহীত হয়, তাহলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে, যা ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির পথ আরও সুগম করবে।