পুজোর আগেই সুখবর! কলকাতা মেট্রোর এই রুটে এবার সাতদিনই মিলবে পরিষেবা

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য দারুণ খবর! পুজোর ঠিক আগেই ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে এবার থেকে সপ্তাহের সাতদিনই মেট্রো পরিষেবা মিলবে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
গত ২৮শে আগস্ট এই রুটে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর থেকেই যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। খুব কম সময়ে ও কম খরচে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর সুবিধার কারণে যাত্রীরা মেট্রোর ওপর আরও বেশি ভরসা করছেন। যাত্রীদের এই চাহিদা দেখে মেট্রো কর্তৃপক্ষ সপ্তাহে সাতদিনই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতদিন এই রুটে শুধুমাত্র সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলত। এখন থেকে শনিবার এবং রবিবারও এই পরিষেবা পাওয়া যাবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
শনিবার: মোট ৪৪টি মেট্রো চলবে (২২টি আপ ও ২২টি ডাউন)। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩৫ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ৩২ মিনিটে।
রবিবার: মোট ৪০টি মেট্রো চলবে (২০টি আপ ও ২০টি ডাউন)। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৩৬ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ২২ মিনিটে।
শনি ও রবিবার এই রুটে প্রতি ৩৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এই নতুন পদক্ষেপের ফলে পুজোর আগে ও পরে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।