পুজোর আগেই রুদ্ধশ্বাস ভোট! নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

পুজোর ঠিক আগে রাজ্যের দুই হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এই নির্বাচন কেন্দ্রগুলির ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে শূন্য হওয়া বিভিন্ন বিধানসভা ও লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন জারি করা হবে। প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বরের মধ্যে নাম প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই আগামী ১১ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কমিশনের তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রটি হুমায়ুন কবীরের পদত্যাগের কারণে খালি হয়েছিল। অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদত্যাগের ফলেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ছাড়াও তামিলনাড়ুর দুটি এবং পুদুচেরির একটি বিধানসভা আসনেও একই দিনে ভোটগ্রহণ হবে। পাশাপাশি অসমের নগাঁও লোকসভা আসনেও উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। সমস্ত কেন্দ্রেই ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ভোটাররা এপিক কার্ড ছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের অপরাধমূলক অতীত সংক্রান্ত তথ্যের প্রচারের ক্ষেত্রেও কঠোর নিয়ম বেঁধে দিয়েছে কমিশন। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তাকে তিনটি নির্দিষ্ট দফায় সংবাদপত্র এবং টেলিভিশনে সেই তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলিকেও তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে ওই প্রার্থীর অপরাধের বিবরণ প্রচার করতে হবে।