পুজোর আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ, ১৫ কোটি ফর্ম ছাপানোর নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যে আসন্ন ভোটার তালিকার নিবিড় সমীক্ষার (Special Intensive Review বা SIR) জন্য বিপুল সংখ্যক আবেদনপত্র ছাপানোর কাজ শুরু হয়েছে। এই কাজে দ্রুত গতি আনতে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এই সংক্রান্ত এক প্রশিক্ষণ সভায় জেলাশাসক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তিনি এই বার্তা দেন।

সিইও দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে বর্তমানে প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। প্রতিটি ভোটারের জন্য দু’টি করে SIR আবেদনপত্র ছাপানো হবে। একটি আবেদনপত্র থাকবে ভোটারের কাছে এবং অন্যটি বুথ লেভেল অফিসারের কাছে জমা পড়বে। অর্থাৎ, সব মিলিয়ে ১৫ কোটিরও বেশি ফর্ম ছাপানোর প্রস্তুতি চলছে। প্রতিটি জেলাকে নিজেদের ছাপাখানার ব্যবস্থা থাকলে সেখানে ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কলকাতা থেকে ফর্ম পাঠানো হবে।

নির্বাচন কমিশন দিল্লি থেকে প্রতিটি ভোটারের নাম ও তথ্য সম্বলিত আবেদনপত্র অনলাইনে পাঠাবে। সেই তথ্য হাতে এলেই SIR আবেদনপত্র ছাপানোর কাজ শুরু হবে। পাশাপাশি, আধিকারিকদের ২০০২ ও ২০২৫ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে প্রায় দুই কোটি পরিবারের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন মনে করছে, এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে SIR-এর প্রায় ৭০ শতাংশ কাজ এগিয়ে যাবে।

মঙ্গলবার প্রায় ৪ হাজার আধিকারিককে নিয়ে সিইও একটি প্রশিক্ষণ সভার আয়োজন করেন। এই সভায় ইআরও, এআরও, অতিরিক্ত ডিএম এবং কয়েকজন জেলাশাসক উপস্থিত ছিলেন। বিহারে একই প্রক্রিয়া কীভাবে হয়েছে, তার রূপরেখা এই প্রশিক্ষণে দেখানো হয়। পুজোর আগেই প্রায় ৭৫ হাজার বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রশিক্ষণ আগামী ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, দ্রুত ও সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন করাই মূল লক্ষ্য। কিছু ছোটখাটো পরিবর্তন করা হতে পারে, তবে বিহারের মতো এখানেও ৯৫-৯৭ শতাংশ তথ্য একই থাকবে। কমিশন পুজোর আগেই এই গুরুত্বপূর্ণ কাজের বেশিরভাগ অংশ শেষ করার পরিকল্পনা করেছে।