জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে পুণ্যার্থীদের বাস! মৃত ১, আহত ৩০

ভোররাতে হুগলিতে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীবোঝাই একটি বাস। ১৯ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি লরির পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির বসিপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বলরামপুর ও গোন্ডা জেলার কয়েকজন পুণ্যার্থী গত ৯ সেপ্টেম্বর একটি বাসে করে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দেওঘর থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে বুধবার ভোরে তাঁদের বাসটি হুগলির বসিপুরে ১৯ নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার শিকার হয়। দ্রুত গতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরিতে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা রামদেব মিশ্রা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রামদেব মিশ্রাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ তদন্ত শুরু করেছে যে, এই দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা। পুজো আসার আগে পুণ্যার্থীদের বাসে এমন দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।