পুজোর আগেই দুঃসংবাদ! আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু

পুজোর আগে আলিপুর চিড়িয়াখানা থেকে এলো দুঃসংবাদ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে, তবে এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বার্ধক্যের কারণে মৃত্যু
মারা যাওয়া বাঘিনী দুটির নাম পায়েল এবং রূপা। ডোরাকাটা বাঘিনী পায়েলের বয়স ছিল ১৫ বছর, এবং সাদা বাঘিনী রূপার বয়স ছিল ১৭ বছর। সাধারণত বাঘ ১৩-১৪ বছর পর্যন্ত বাঁচে, তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যথাযথ যত্ন এবং পরিচর্যার কারণেই তারা স্বাভাবিকের চেয়ে বেশি দিন বাঁচতে পেরেছিল।
তদন্ত কমিটি গঠন
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন তিনজন পশুচিকিৎসক। তাদের তত্ত্বাবধানে দুটি বাঘিনীরই ময়নাতদন্ত করা হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই বিষয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমাকে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, দুটি বাঘিনীরই বয়স হয়েছিল এবং বার্ধক্যজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। তাদের যত্নের কোনো অভাব ছিল না। আমাদের দফতরের কর্মীরা পশু-পাখিদের পরিবারের সদস্য হিসাবেই দেখভাল করেন।”