ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে পাঁচজন গ্রেফতার!

দেশের অভ্যন্তরে বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। বুধবার দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আরও তিনজনকে ধরা হয়েছে। এই পাঁচ সন্দেহভাজনের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা, আইএসআইএস এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে, একজনকে ঝাড়খণ্ড থেকে, একজনকে মধ্যপ্রদেশ থেকে এবং আরেকজনকে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দেশের আরও কিছু স্থানে এখনো তল্লাশি অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্তরা দিল্লি-এনসিআর সহ দেশের একাধিক শহরে বিস্ফোরণের পরিকল্পনা করছিল। তারা ইতিমধ্যেই আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির জন্য কাঁচামাল ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। তাদের কাছ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফার পাউডার, বল বিয়ারিং, সার্কিট, মাদারবোর্ড এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, ধৃতরা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) মডিউলের সঙ্গে যুক্ত। তাদের আইএসআইএস এবং আইএসআই দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থা মনে করছে, এই দলটি একটি বড় নাশকতার ছক কষছিল। তাদের বিদেশি যোগাযোগ, আর্থিক লেনদেন এবং প্রযুক্তির উৎসের বিষয়েও তদন্ত চলছে।
গত বছরও একই ধরনের অভিযানে দিল্লি ও ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারের গ্রেপ্তারকৃতদের পরিকল্পনা আরও সুপরিকল্পিত ছিল বলে পুলিশ মনে করছে। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে বিভিন্ন রাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।