পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, জেনে নিন কত শতাংশ বাড়তে পারে

রাজ্য সরকারি কর্মীরা যখন ডিএ মামলার রায়ের জন্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসেছে সুখবর। শোনা যাচ্ছে, পুজোর আগেই মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে প্রায় ১.২ কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
কত শতাংশ ডিএ বাড়ছে?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর, এবার ডিএ ৩% থেকে ৪% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদি ৩% বাড়ে, তাহলে ডিএ-এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশে। অন্যদিকে, ৪% বাড়লে তা ৫৯ শতাংশে পৌঁছে যাবে। সপ্তম বেতন কমিশনের অধীনে এটিই শেষ ডিএ বৃদ্ধি হতে চলেছে।
কবে মিলবে এই সুবিধা?
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে। এবারের বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ, কর্মচারীরা জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া ডিএ পাবেন অক্টোবরের বেতনের সঙ্গে। যেহেতু এ বছর ২০ অক্টোবর দীপাবলি, তাই মনে করা হচ্ছে উৎসবের মরসুমেই এই ঘোষণা আসতে পারে। এর ফলে সরকারি কর্মচারীরা হাতে অতিরিক্ত টাকা পাবেন, যা তাদের জন্য এক দারুণ উৎসবের উপহার।
ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW)-এর উপর ভিত্তি করে নেওয়া হয়। এই সূচকের তথ্য অনুযায়ীই সরকার ডিএ এবং ডিআর (Dearness Relief) বৃদ্ধি করে থাকে।