‘নেতা’ না ‘চিকিৎসক’, রায়দিঘির বিধায়কের মানবিক উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা,

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাচক্রে সেই সময় উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক, পেশায় চিকিৎসক ডাঃ অলক জলদাতা। দ্রুত তার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন অসুস্থ মহিলা, আর এতেই মুগ্ধ হয়েছেন এলাকার মানুষ।
বুধবার রায়দিঘির কুমড়োপাড়ায় সবিতা মণ্ডল (৪৫) নামে এক মহিলা হঠাৎ করে সবার সামনে অজ্ঞান হয়ে যান। সময় নষ্ট না করে বিধায়ক নিজেই তার চিকিৎসা শুরু করেন। তাৎক্ষণিক সেবা পেয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
গরমে অসুস্থতা, বিধায়কের মানবিক উদ্যোগ
ডাঃ অলক জলদাতা জানান, অতিরিক্ত গরম এবং কম খাওয়া ও জল পানের কারণে মহিলাটি অসুস্থ হয়ে পড়েছিলেন। সময় মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তার এই মানবিক উদ্যোগ দেখে স্থানীয়রা অত্যন্ত খুশি। তারা বলেন, একজন জনপ্রতিনিধি যে এভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারেন, তা সত্যিই বিরল। সবিতাদেবী নিজেও বিধায়কের কাছে এমন অপ্রত্যাশিত সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দুই সদস্য মাধবী হালদার পুরকাইত এবং চন্দনা হালদারও উপস্থিত ছিলেন এবং অসুস্থ মহিলাকে ধরে রেখে বিধায়ককে সাহায্য করেন। ডাঃ জলদাতা বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসা করা তার কর্তব্য। তিনি যেখানেই থাকুন না কেন, এই কাজ সবসময় করবেন।