পুজোয় বোনাস নিয়ে গোলমাল! ফাঁসিদেওয়ার মোহনলাল চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের

দুর্গাপূজার আগে বোনাস নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে ফাঁসিদেওয়ার মোহনলাল চা বাগানের কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বোনাস না পেয়ে আজ কাজে ইস্তফা দিয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।

জানা গেছে, মোহনলাল চা বাগানের ত্রিহানা ডিভিশনে প্রায় ৩৭০ জন শ্রমিক কাজ করেন। তাদের অভিযোগ, মহালয়া পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বোনাস দিচ্ছে না। গত ১৯ সেপ্টেম্বর মালিকপক্ষ ১৪ শতাংশ হারে দুই কিস্তিতে বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানতে রাজি হননি। তাদের দাবি, ২০ শতাংশ বোনাস দিতে হবে।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, পুজোর আগে যদি তাদের দাবি মেনে বোনাস না দেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। শ্রমিকদের অভিযোগ, তারা নিজেদের জমি দিয়ে চা বাগান তৈরি করতে সাহায্য করেছিলেন, এবং বিনিময়ে স্থায়ী পদে চাকরির প্রতিশ্রুতি পেয়েছিলেন। কিন্তু এখন তাদের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।