পুজোয় কি বৃষ্টি থেকে মুক্তি মিলবে, নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি

পুজোর আর হাতে গোনা ক’টা দিন বাকি। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিতে ভিজেছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এদিকে, নিম্নচাপ শক্তি বাড়ানোর পাশাপাশি তার আবার দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।


নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব

মঙ্গলবার ভোরে সাগরে ঘনীভুত নিম্নচাপ বুধবার ভোরে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল থেকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। পাশাপাশি সমুদ্রে ঘনীভূত ঘূর্ণাবর্তটি প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং তা দক্ষিণ-পশ্চিমে হেলে রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে তা অগ্রসর হবে।


দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

মৌসুমী অক্ষরেখার প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায়, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৯.৫ মিলিমিটার। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টির আশঙ্কা থাকছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy