পুকুরে ওটা কী ভাসছে..? ৩ দিন ধরে নিখোঁজ বাস কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, চরম চাঞ্চল্য এলাকায়

তিন দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির রক্তাক্ত দেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকায়। মৃতদেহটিকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার।
জানা গিয়েছে, নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক এলাকার প্রাথমিক স্কুলের পিছনের একটি পুকুরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেহটি ভাসতে দেখেন। স্থানীয় বাসিন্দারা খবর দিলে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
নিখোঁজ ছিলেন ৩ দিন ধরে
পরে জানা যায় মৃত ব্যক্তির নাম বিকাশ বেরা, তাঁর বয়স ৪৬ বছর। পেশায় বাস কর্মী বিকাশ গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া মৃতদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।
দুষ্কৃতীরা তাঁর স্বামীকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন মৃতের স্ত্রী। গোটা ঘটনায় নন্দকুমার জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।