পিভিসি পাইপ দিয়ে ৯ বছরের পড়ুয়াকে বেধড়ক মার! শরীর জুড়ে কালশিটে, প্রিন্সিপালের বীভৎস নির্যাতনে তোলপাড় বেঙ্গালুরু

শিক্ষকের হাতে পড়ুয়াদের অমানবিক নির্যাতনের ঘটনা যেন থামছেই না। এবার ভয়ঙ্কর ঘটনা ঘটল কর্ণাটকের বেঙ্গালুরুতে। একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপালের বেধড়ক মারধরের শিকার হয়েছে ৯ বছর বয়সী এক ছাত্র। শরীরের একাধিক কালশিটে ও রক্ত জমাট বাঁধা অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ঘটনাটি ঘটেছে। পড়ুয়াকে দেখে আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও চমকে ওঠেন। এরপরই ফাঁস হয় প্রিন্সিপাল রাকেশ কুমারের নির্যাতনের কাহিনি।

পড়ুয়ার মা পুলিশকে জানিয়েছেন, স্কুলেই প্রিন্সিপাল রাকেশ কুমার পিভিসি পাইপ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। এর জেরে পড়ুয়ার শরীরের একাধিক জায়গায় কালশিটে পড়ে গেছে এবং রক্ত জমাট বেঁধে গেছে। পড়ুয়ার মা আঘাতের ছবি ও ভিডিও থানায় জমা দিয়েছেন।

প্রতিবাদ করায় মাকেও হুমকি

এখানেই শেষ নয়। স্কুলে গিয়ে প্রিন্সিপালের এহেন আচরণের প্রতিবাদ করলে, ওই অভিযুক্ত প্রিন্সিপাল উল্টে পড়ুয়ার মাকেও হুমকি দেন। তাঁকে দ্রুত ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়।

পুলিশ ইতিমধ্যেই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পাশাপাশি, নাবালক ছাত্রকে হেনস্থার ঘটনা রোধ না করার জন্য স্কুলের প্রধান বিজয় কুমার এবং এক শিক্ষিকা চন্দ্রিকার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে গুজরাটের জামনগরের স্বামীনারায়ণ গুরুকুল স্কুলে চুলে তেল না দেওয়ার মতো সামান্য কারণে এক ছাত্রীর চুল ব্লেড দিয়ে কেটে দিয়েছিলেন এক শিক্ষিকা। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগের পর ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছিল। শিশুদের ওপর স্কুল কর্তৃপক্ষের এমন অমানবিক আচরণ দেশের বিভিন্ন প্রান্তে অভিভাবক মহলে উদ্বেগ বাড়াচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy