পিঁপড়ের ভয়ে মৃত্যু! সুইসাইড নোটে স্বামীকে সন্তানের যত্ন নিতে অনুরোধ, হায়দরাবাদের ঘটনায় শোকস্তব্ধ পরিবার

গল্প মনে হলেও, ঘটনাটি মর্মান্তিক এবং বাস্তব। হায়দরাবাদ শহরে পিঁপড়ের ভয়ের সঙ্গে দীর্ঘ লড়াই করতে করতে শেষ পর্যন্ত জীবন-যুদ্ধে হার মানলেন ২৫ বছর বয়সী এক মহিলা। মনোবিজ্ঞান অনুযায়ী, পিঁপড়ের এই ভয়কে চিকিৎসা পরিভাষায় ‘মাইর্মেকোফোবিয়া’ (Myrmecophobia) বলা হয়।
হায়দরাবাদের আমিনপুরের বাসিন্দা মনীষা তাঁর স্বামী শ্রীকান্ত এবং তিন বছরের মেয়ের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই তিনি এই ভয়ংকর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
সুইসাইড নোটের মর্মান্তিক বার্তা
তেলঙ্গনা টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মহিলা একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। সেই নোটে নিজের অসহ্য যন্ত্রণা ও উদ্বেগের কথা লিখে তিনি জানান:
“ক্রমাগত এই উদ্বেগ নিয়ে আর কিছুতেই বাঁচতে পারছি না”, তাই তিনি এই পথ বেছে নিলেন।
পাশাপাশি, তিনি তাঁর স্বামী শ্রীকান্তকে নিজেদের একমাত্র সন্তানের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
বন্ধ দরজা ভেঙে উদ্ধার
মঙ্গলবার সন্ধ্যায়, মহিলার স্বামী শ্রীকান্ত কাজ থেকে বাড়ি ফিরে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সাহায্য চান। দরজা ভাঙার পর দেখা যায়, মনীষা শাড়ি ব্যবহার করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার মহিলার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পিঁপড়ের ভয়েই ওই মহিলা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন।
এই মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা’কে হারিয়ে অবুঝ শিশুটির কান্নায় আমিনপুরের বাতাস ভারি হয়ে উঠেছে।