‘পালাবদলের পর বাংলায় পা রাখতেই রাজকীয় অভ্যর্থনা!’ বিমানবন্দরে খোদ মুখ্যমন্ত্রী, বড় বার্তার অপেক্ষায় বঙ্গ বিজেপি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের ঐতিহাসিক সাফল্যের পর এই প্রথমবার রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজেপির শীর্ষ নেতার এই প্রথম রাজ্য সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তাপ ও জল্পনা শুরু হয়েছে।
বিমানবন্দর থেকে সোজা নিউটাউনের কনভেনশন সেন্টারে পৌঁছন নিতিন নবীন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পাশাপাশি আজ একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে সদ্য বড়সড় রদবদল এবং নতুন রাজ্য কমিটি গঠিত হওয়ার পর এই বৈঠকগুলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে খবর, এদিন ধাপে ধাপে একাধিক বৈঠক করছেন সর্বভারতীয় সভাপতি। প্রথম দফায় নবনির্বাচিত মোর্চা সভাপতি, মুখপাত্র এবং রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক পরিস্থিতির বিশদ তথ্য নেন তিনি। এরপর দুপুরের দিকে দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও বিধায়কদের সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের ধরন ও দায়িত্ব নিয়ে কড়া নির্দেশ দেওয়ার কথা রয়েছে। বিকেল চারটে নাগাদ রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসনিক কাজ ও দলের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে বিশেষ বার্তা দেবেন তিনি। দিনের শেষে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে দলের কোর কমিটির বৈঠকে বসে আগামীদিনের রাজনৈতিক রণকৌশল ঠিক করবেন নিতিন নবীন। এছাড়া দলের বাইরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। সোমবারও তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে, যার মধ্যে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রচারে যাওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে।