‘আর ২৮ দিন নয়, এবার থেকে পুরো ৩০ দিনের রিচার্জ!’ TRAI-এর নতুন নিয়মে মোবাইল খরচ কমবে হু হু করে?

মোবাইল রিচার্জের ক্ষেত্রে দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য আসতে চলেছে এক বড় স্বস্তির খবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে টেলিকম সংস্থাগুলিকে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান রাখতেই হবে। অন্তত ট্রাইয়ের নিয়ম ও নির্দেশিকা নিয়ে এমনই ব্যাখ্যা দিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এতদিন পর্যন্ত টেলিকম সংস্থাগুলির নিয়ম অনুযায়ী গ্রাহকদের বছরে ১৩টি রিচার্জ করতে হতো। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে। এখন থেকে ৩০ দিনের হিসেবে বছরে মাত্র ১২টি রিচার্জ করলেই চলবে। টেলিকম কনজুমার প্রোটেকশন রেগুলেশনের (১৩তম সংশোধনী) আওতায় এই নিয়ম আনা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়া সহ সমস্ত টেলিকম সংস্থাকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়িত করতে বলা হয়েছে।
নতুন নিয়মে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন?
কমবে খরচ: যেসব গ্রাহক ইন্টারনেট বা মোবাইল ডেটা খুব একটা ব্যবহার করেন না, তাঁদের জন্য কেবল কল ও এসএমএসযুক্ত ডেটা-ফ্রি সাশ্রয়ী প্যাক রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বছরে কম রিচার্জ: মাস অনুযায়ী হিসাব করলে এখন থেকে ১৩টির পরিবর্তে বছরে মাত্র ১২টি রিচার্জ করতে হবে, যা পকেটের ওপর চাপ অনেকটাই কমাবে।
স্বচ্ছতা ও বিকল্প: গ্রাহকদের ইচ্ছেমতো রিচার্জের বিকল্প দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। গত ১১ মার্চ রাজ্যসভায় এই বিষয়টি জোরালোভাবে তুলেছিলেন রাঘব চাড্ডা, যা এবার রূপায়িত হতে চলেছে।
টেলিকম সংস্থাগুলিকে এবার থেকে ডেটা প্ল্যানের পাশাপাশি কম দামে কেবল ভয়েস কল ও এসএমএস প্যাক বাজারে আনতে হবে। এর ফলে সাধারণ মানুষ নামমাত্র খরচে নিজেদের মোবাইল সচল রাখতে পারবেন।