পাকিস্তানকে চরম শিক্ষা, টানা অষ্টম জয় তুলে এশিয়া সেরা ভারত, ট্রফি ছাড়া সেলিব্রেশনে মেতে উঠল গোটা দেশ

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ফের এশিয়া কাপের ট্রফি জিতে নিল। ২০২৩ সালে রোহিত শর্মার পর এবার সূর্যকুমারের হাত ধরে নবম বারের মতো এশিয়া সেরা হলো টিম ইন্ডিয়া। ৪২ বছরের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা গেল ফাইনালে। টানটান উত্তেজনার ম্যাচে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।

দেশজুড়ে গভীর রাত পর্যন্ত চলল বিজয়োৎসব
ভারতের এই লড়াকু জয়ের সেলিব্রেশনের মুহূর্ত দেখতে পাওয়া গেল দেশজুড়ে বিভিন্ন রাস্তাঘাটে। গভীর রাত পর্যন্ত চলল উৎসব।

জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে পথ পরিক্রমা করলেন ক্রীড়াপ্রেমীরা।

নয়াদিল্লিতে দুর্গাপূজার আরধনার মাঝেও টিভি চালিয়ে খেলা দেখছেন সকলে, এমন ছবিও ধরা পড়েছে।

বিহারের পাটনায় রিঙ্কু সিংহের ব্যাট থেকে বাউন্ডারি আসার সঙ্গে সঙ্গেই আতসবাজি বাজানো শুরু হয়ে গিয়েছিল।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হাজার হাজার ক্রিকেটপ্রেমী তাঁদের প্রিয় ক্রিকেটারের নামে স্লোগান তুললেন।

রেকর্ড গড়েও ট্রফি বর্জন ও বিতর্ক
এই জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপে টানা তৃতীয় ম্যাচ জিতল ভারত। সব মিলিয়ে পাক দলকে টানা আটটি ম্যাচে হারাল টিম ইন্ডিয়া। যদিও ম্যাচ শেষেও বিতর্ক ছিল তুঙ্গে।

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় ক্রিকেটাররা গোটা টুর্নামেন্টেই পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন।

ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চেও সেই বিতর্কের আঁচ দেখা যায়। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পাক ক্রিকেট প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় এসিসি ট্রফি তুলে দিতে পারেনি।

পরে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই ভার্চুয়াল সেলিব্রেশনে মেতে ওঠেন।

ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে রান না পেলেও, টুর্নামেন্ট জুড়ে দাপটের সঙ্গে খেলে টুর্নামেন্ট সেরা হয়েছেন অভিষেক শর্মা। তরুণ তিলক বর্মা ফাইনালে অপরাজিত ৬৯ রানের লড়াকু ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন।