‘পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে’! আক্রান্ত প্রণব কুমারের বাড়িতে শুভেন্দু, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

রাজপুর সোনারপুরের একটি আবাসনে ভয়াবহ হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, কেন্দ্রীয় শুল্ক আধিকারিক শ্রী প্রণব কুমারের ওপর ৫০-৬০ জন অটোচালক ও দুষ্কৃতী হামলা চালায়। ফ্ল্যাটের দরজা ভেঙে আধিকারিককে বেধড়ক মারধর করা হয়, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় এবং শিশু সন্তানও আঘাতের শিকার হয় বলে জানা গিয়েছে।
বাইক-অটো সংঘর্ষের পর হামলা: ঘটনার সূত্রপাত ঘটে প্রণব কুমার বাড়ি ফেরার সময়। তিনি জানান, তাঁর বাইকের সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে, এরপর অটোচালকের সঙ্গে তাঁর বিতর্ক তৈরি হয়। এর কিছুক্ষণ পরেই প্রায় ৫০-৬০ জন অটোচালক জোট বেঁধে আধিকারিকের আবাসনে প্রবেশ করে।
আহত আধিকারিক প্রণব কুমার জানান, “তারা আমার ঘরে প্রবেশ করে আমাকে মারধর করেছে। আমার স্ত্রীকেও ধাক্কা দিয়েছে। আসবাবপত্র ভেঙে রেখে চলে গেছে।” হামলার দৃশ্য ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাঁর অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি।
শুভেন্দু অধিকারীর তীব্র ক্ষোভ: এই ঘটনার খবর পেয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহত আধিকারিকের বাড়িতে যান এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
শুভেন্দু অধিকারী এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “তৃণমূলের গুন্ডারা ঢুকে প্রণব কুমারের ফ্ল্যাটে ভাঙচুর চালিয়েছে। তাঁর মাথা ফাটানো হয়েছে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রায় ২০০ জন তৃণমূল কর্মী অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হয় এবং ৫০ জনের বেশি গুন্ডা জোরপূর্বক প্রবেশ করে। পুলিশ রাত ৯টার পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্পষ্ট, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে পুলিশ।”
তিনি আরও বলেন, “যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা আক্রান্ত হতে পারেন, তাহলে আর কেউই পশ্চিমবঙ্গে নিরাপদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, কেবল তৃণমূলের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ শেষ করতে হবে।”
আহত আধিকারিককে চিকিৎসার জন্য কল্যাণী AIIMS-এ পাঠানোর পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।