পশ্চিমবঙ্গেও UCC-র পথে বিজেপি সরকার? কী কী বদলে যেতে পারে এই নতুন আইনে? জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি মেনে আগামী সোমবার বিধানসভার অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। এর আগেই শুক্রবার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিলেন।
মুখ্যমন্ত্রীর বার্তা: সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘‘ভরসা রাখবেন, একটু সময় দিন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং বলপূর্বক ধর্ম পরিবর্তন বা ধর্মান্তকরণের বিরুদ্ধে এই সরকার অত্যন্ত কঠোর ও কঠিন আইন আনতে চলেছে।’’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির ‘এক দেশ, এক আইন’ নীতির অংশ হিসেবেই পশ্চিমবঙ্গ এই পথে হাঁটছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ার পর পশ্চিমবঙ্গ হবে দেশের চতুর্থ রাজ্য যেখানে UCC কার্যকর হবে।
আইনটি চালু হলে কী কী পরিবর্তন আসতে পারে? অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষের জন্য ব্যক্তিগত আইনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। এর মূল দিকগুলো হলো:
বিবাহ ও বিচ্ছেদ: বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন রিলেশন এবং দত্তক নেওয়ার নিয়ম সবার জন্য সমান হবে।
বিয়ের বয়স: ছেলে ও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স একই হবে।
বহুবিবাহ নিষিদ্ধ: বহুবিবাহ এবং হালালা বিয়ের মতো প্রথাগুলো আইনত নিষিদ্ধ করা হবে।
অভিন্ন নিয়ম: ধর্মীয় পরিচয় নির্বিশেষে পারিবারিক আইনের সমস্ত ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইনি কাঠামো বজায় থাকবে।
রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, আগামী সোমবার বিধানসভায় পেশ হতে চলা বিলগুলোর মাধ্যমে রাজ্য সরকার এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে।