পথকুকুরের আক্রমণে রক্তাক্ত মহিলা, ক্ষোভে কুকুর পিটিয়ে মারল জনতা

পথকুকুর নিয়ে বিতর্কের মধ্যেই এবার এক ভয়ংকর ঘটনা ঘটল কর্নাটকের একটি আদালত চত্বরে। তুমাকুরু জেলার গুব্বি কোর্ট প্রাঙ্গণে একটি পথকুকুরের হিংস্র আক্রমণে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। কুকুরের কামড়ে তার মুখ রক্তাক্ত হয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়েছে।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ জানিয়েছে, শনিবার ৩৫ বছর বয়সী গাঙ্গুবাই নামে ওই মহিলা একটি পারিবারিক মামলার কাজে গুব্বি কোর্টে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি আদালতের শৌচাগার থেকে বের হওয়ার সময় হঠাৎই একটি পথকুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মহিলাটি নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও কুকুরটি তাকে একাধিকবার কামড়ে দেয়, যার ফলে তার মুখে গভীর ক্ষত তৈরি হয়। সেই সময়ে এক ব্যক্তি কোনোমতে তাকে রক্ষা করেন এবং কুকুরটিকে ঠেলে সরিয়ে দেন।
এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কুকুরটিকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানা গেছে। আহত গাঙ্গুবাইকে প্রথমে গুব্বি তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরু পাঠানো হয়েছে।
অন্যান্য ঘটনা
এই হামলার পর আরও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে, হোন্নালি তালুকের মাভিনা কোট এবং সাসভেহাল্লি গ্রামেও পথকুকুরের আক্রমণে চার শিশু এবং একজন বৃদ্ধ আহত হয়েছেন। এই ঘটনাগুলো পথকুকুরের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।