দেশের কোটি কোটি বিমানযাত্রীদের জন্য এবার এল সবথেকে বড় খুশির খবর। আকাশপথে যাতায়াতকে আরও সহজ এবং সাশ্রয়ী করতে একগুচ্ছ যুগান্তকারী নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বুধবার প্রকাশিত এই নতুন নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ করতে হবে। এতদিন যেখানে সিট বেছে নেওয়ার জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হতো, সেখানে এই সিদ্ধান্ত আমজনতার পকেটের চাপ অনেকটাই কমাবে। আগে মাত্র ২০ শতাংশ আসন নিখরচায় মিলত, যা এখন এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হল।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহণ বাজার। প্রতিদিন প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ উড়ান পরিষেবা ব্যবহার করছেন। এই বিশাল সংখ্যক যাত্রীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আরও কিছু কড়া নিয়ম আনা হয়েছে:
একসঙ্গে বসার সুবিধা: একই বুকিং বা PNR-এ থাকা যাত্রীদের (পরিবার বা বন্ধু) আর আলাদা হয়ে বসতে হবে না। বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পাশাপাশি আসন দেওয়ার জন্য।
অতিরিক্ত সরঞ্জামে ছাড়: বাদ্যযন্ত্র, খেলাধুলার সরঞ্জাম ও পোষ্য পরিবহণে স্বচ্ছ নীতি মানতে হবে।
ক্ষতিপূরণ ও অধিকার: বিমান বাতিল বা দেরির ক্ষেত্রে যাত্রীদের অধিকার এবং ক্ষতিপূরণের নিয়মাবলী ওয়েবসাইট ও বিমানবন্দরে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
ইতিমধ্যেই ‘উড়ান’ (UDAN) প্রকল্পের মাধ্যমে বিমানযাত্রা সাধারণের নাগালে এসেছে। এবার বিনামূল্যে সিট ও সাশ্রয়ী খাবারের ব্যবস্থার এই নতুন অধ্যায় ভারতের বিমান পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।