SIR বিচারে ঐতিহাসিক রেকর্ড! ১ দিনে ২ লক্ষ অভিযোগ নিষ্পত্তি করে তাক লাগাল কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পরপরই SIR (Special Identity Register) ইস্যুতে বড়সড় সাফল্যের মুখ দেখল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, গত ১৭ মার্চ মাত্র ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন ৭১০ জন বিচারক। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষেরও বেশি অভিযোগের ফয়সালা করা সম্ভব হয়েছে।
নির্বাচন আধিকারিকদের মতে, এই গতি বজায় থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাডজুডিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে মনোনয়ন পর্ব চলাকালীনই চূড়ান্ত তালিকা সামনে আসতে পারে। পরিস্থিতি সামাল দিতে ১০-১২ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি বিশেষ ট্রাইবুনাল গঠনের পরিকল্পনাও রয়েছে কমিশনের। ইতিমধ্যেই তাঁদের মতামত চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের বিষয়ে এখন হাইকোর্টের সঙ্গে আলোচনা চালাচ্ছে কমিশন। মনে করা হচ্ছে, রাজ্যে দুই দফায় ভোট হওয়ার কারণে এই লিস্টও দুই দফায় প্রকাশ পেতে পারে।
অন্যদিকে, প্রশাসনিক স্তরেও কড়া পদক্ষেপ জারি রেখেছে কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনী কোনও কাজে অংশ নিতে পারবেন না।