নেপালে প্রাণের ঝুঁকি নিয়ে কেন ফিরে আসতে হচ্ছে ভারতীয়দের? কী বললেন ফিরতি শ্রমিকেরা?

পেটের তাগিদে বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে নেপালে পাড়ি দিয়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। কিন্তু সম্প্রতি নেপালের রাজনৈতিক অস্থিরতা ও সরকার-বিরোধী আন্দোলনের কারণে তাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে। কাজ ছেড়ে প্রাণের ভয়ে হাজার হাজার শ্রমিক ভারত সীমান্তে ফিরছেন।
বৃহস্পতিবার বিহারের বাগাহা বাল্মিকিনগর গণ্ডক চেকপোস্টের কাছে নেপাল-ফেরত শ্রমিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের চোখেমুখে আতঙ্ক ও ক্লান্তি স্পষ্ট। তারা জানান, হঠাৎ করেই পরিস্থিতি উত্তাল হয়ে যাওয়ায় তারা কোনোমতে জিনিসপত্র গুছিয়ে খালি হাতে ফিরে এসেছেন। গাড়ি ভাড়া করার মতো টাকা ছিল না, তাই ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
নেপালের বুটওয়ালে কাজ করা এক শ্রমিক জানান, সেখানকার গণঅভ্যুত্থানের পর অরাজকতা ও অস্থিরতার কারণে থাকা বিপজ্জনক হয়ে পড়েছিল। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কার মধ্যে দিয়ে তাদের ফিরতে হয়েছে। যেটুকু সামান্য টাকা ছিল তাও পথে খরচ হয়ে গেছে। নারী ও শিশুদের অবস্থা আরও শোচনীয়। তারা বলেন, বর্তমানে নেপালে ফিরে কাজ করার কথা তারা ভাবতেও পারছেন না।
নেপালের এই সংকট আবারও পরিযায়ী শ্রমিকদের অসহায়তা এবং কাজের সন্ধানে ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে বা ভিনদেশে যাওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই শ্রমিকদের জন্য নিজেদের রাজ্যে ও দেশে কবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে?