নেপালের ঘটনার উল্লেখ করে মমতাকে খুনের চক্রান্ত? অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নেপালের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে বিজেপি নেতা অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং মন্তব্য করেন যে, “নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়া প্রয়োজন। বিনা রক্তপাতে কোনও দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কারণ, নেপালে সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে। সেখানে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে মারধর এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা পর্যন্ত করেছে। এমন প্রেক্ষাপটে অর্জুন সিংয়ের মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল।

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অর্জুন সিংকে ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে বলেছেন, “তাঁর মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইঙ্গিত রয়েছে। আমরা চাই পুলিশ এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক।” তৃণমূলের অভিযোগ, অর্জুন সিং নেপালের উদাহরণ টেনে রক্তক্ষয়ী আন্দোলনের কথা বলে মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছেন। এই অভিযোগে ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় সহ একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পার্থ ভৌমিক আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হলে বাংলার মানুষ অর্জুন সিংকে ছেড়ে দেবে না।