আকাশ কালো করে নামবে ঝেঁপে বৃষ্টি! পুজোয় কি ভাসবে বাংলা? রইল মেগা আপডেট

শরতের ঝলমলে রোদ শেষে মেঘ জমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সাগরে কোনো নিম্নচাপ না থাকলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অক্ষরেখাটি কচ্ছ ও রাজস্থান থেকে শুরু হয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে পূর্ব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে।

আজ ও আগামিকাল (বৃহস্পতি ও শুক্রবার): কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শনিবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি থাকবে।

রবিবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা বহাল থাকবে।

সোম ও মঙ্গলবার: কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে।

আজ (বৃহস্পতিবার): দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানেও কমলা সতর্কতা থাকবে।

রবিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোম ও মঙ্গলবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।