বিহারের রাজনীতিতে আবার বড় রদবদলের ইঙ্গিত। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি এবার রাজ্য প্রশাসনের রাশ ছেড়ে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার সদস্য হতে চলেছেন জেডিইউ (JDU) প্রধান। আগামী কাল, বৃহস্পতিবারই তিনি মনোনয়ন জমা দিতে পারেন বলে জোর খবর।
বিদায়ের দিনক্ষণ কি ঠিক হয়ে গিয়েছে? রাজনৈতিক মহলে গুঞ্জন, আগামী ১৬ মার্চ বিহারের সর্বোচ্চ প্রশাসনিক পদ ছাড়তে পারেন নীতীশ কুমার। মনোনয়ন প্রক্রিয়া এবং দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। তবে রাজ্যসভা নির্বাচনের ফল না বেরোনো পর্যন্ত তিনিই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে।
সিংহাসনে বসবেন কে? নতুন সমীকরণ: নীতীশ সরে দাঁড়ালে কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী? জোটসঙ্গী বিজেপির সঙ্গে এই নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। তবে সবথেকে বড় চমক হতে পারে নীতীশ-পুত্র নিশান্ত কুমার। শোনা যাচ্ছে, সরকারে বড় কোনো পদ বা উপ-মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখা যেতে পারে তাঁকে। সংবিধান অনুযায়ী, নীতীশ রাজ্যসভায় গেলে তাঁকে বিধানসভা থেকে ইস্তফা দিতেই হবে। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানেই গোটা মন্ত্রীসভার পতন। ফলে এনডিএ (NDA)-কে পুনরায় নতুন নেতা নির্বাচন করতে হবে।
দলে দানা বাঁধছে ক্ষোভ: নীতীশের এই সিদ্ধান্তে জেডিইউ-এর অন্দরেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের একটি বড় অংশ চায় না যে নীতীশ বিহারের রাজনীতি ছেড়ে দিল্লিতে যান। তাঁদের মতে, ২০২৫-এর বিধানসভা ভোটে বিজেপি, চিরাগ পাসওয়ান ও জিতন রাম মাঞ্জির জোট যে সাফল্য পেয়েছিল, তার মূলে ছিলেন নীতীশই। তিনি সরে গেলে জোটে ভাঙন ধরার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন এই হঠাৎ পরিবর্তন? বিশ্লেষকদের মতে, ২০২৬-এর জাতীয় রাজনীতির প্রেক্ষাপট মাথায় রেখেই নিজেকে দিল্লির জন্য প্রস্তুত করছেন নীতীশ। দিল্লির অলিন্দে তাঁকে গুরুত্বপূর্ণ কোনো কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কানাঘুষো চলছে।
পাটনার অলিগলি এখন একটাই প্রশ্নে উত্তাল—’সুশাসন বাবু’র উত্তরসূরি কি কোনো বিজেপি নেতা হবেন, নাকি নিজের ছেলের হাতেই ব্যাটন তুলে দিয়ে যাবেন নীতীশ?