২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে বাংলার বাম শিবির। সিপিএম-এর তরুণ তুর্কি এবং গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী প্রতীক উর রহমান দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের জেলা ও রাজ্য কমিটির সদস্য পদ তো বটেই, এমনকি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন এই প্রাক্তন এসএফআই নেতা। যদিও চিঠির সত্যতা Tips24.in যাচাই করেনি, তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রকাশ্যে আসা ওই চিঠিতে প্রতীক উর লিখেছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। এক গভীর মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে।” রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের ‘ফাইভ স্টার’ হোটেলের গোপন বৈঠক এবং সেই সংক্রান্ত সাফাই মানতে পারেননি প্রতীক। নিজের ফেসবুক ওয়ালে ‘নীতি-নৈতিকতা ছাড়া আর যা-ই হোক কমিউনিস্ট পার্টি হয় না’ লিখে তিনি আগেই বিষ্ফোরক ইঙ্গিত দিয়েছিলেন।
এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রতীক উরের ওই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “সিপিএম-এর বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্ব ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে প্রথম সারির যুবনেতাদের এই অবস্থা।” তিনি সরাসরি দলের বর্তমান সম্পাদককে ‘অযোগ্য বাতেলাবাজ’ বলে কটাক্ষ করেছেন। বাম শিবিরের একাংশ মনে করছে, বিধানসভা ভোটের মুখে ডায়মন্ড হারবারের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রের লড়াকু মুখকে হারানো দলের জন্য বড় বিপর্যয় হতে পারে।