নির্বাচনী মাস্টারস্ট্রোক: বিহারের ৭৫ লাখ মহিলার জন্য ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’, PM বললেন, ‘সরাসরি ঢুকছে টাকা, কেউ হাত দিতে পারবে না’

২৬ সেপ্টেম্বর, ২০২৫ (ডেইলিহান্ট): বিহার বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মন জিততে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র শুভ সূচনা করেন এবং এক ক্লিকে রাজ্যের ৭৫ লাখ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১০,০০০ টাকা পাঠালেন। এই অর্থের মোট পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।
যোজনাটির সূচনা করে প্রধানমন্ত্রী ‘জীবিকা দিদি’দের উদ্দেশে বলেন, “আজ বিহারের মা ও বোনদের জন্য এক ঐতিহাসিক দিন। যখন কোনো বোন-মেয়ে কাজ শুরু করে, তখন তার স্বপ্ন ডানা মেলে এবং সমাজে তার সম্মান বাড়ে।”
এই উপলক্ষে প্রধানমন্ত্রী সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “আজ যে টাকা পাঠানো হচ্ছে, তা পুরোটা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। কেউ এক পয়সা চুরি করতে পারবে না। আগে প্রধানমন্ত্রী বলতেন, দিল্লি থেকে ১ টাকা পাঠালে ১৫ পয়সা পৌঁছাত, মাঝখানে ‘পাঞ্জা’ (কংগ্রেসের প্রতীক) টাকা মেরে দিত। এখন আর কেউ টাকা মারতে পারবে না, পুরো টাকা যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, আপনাদের দুই ভাই মোদী এবং নীতীশ নিরন্তর কাজ করে চলেছেন।
২ লাখ টাকা পর্যন্ত সাহায্য:
এই প্রকল্পের অধীনে, প্রাথমিক অনুদান হিসাবে ১০,০০০ টাকা দেওয়ার পরে, মহিলারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য পরবর্তী পর্যায়ে ২ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা পেতে পারেন। মহিলারা এই টাকা কৃষি, পশুপালন, হস্তশিল্প বা ছোটখাটো শিল্প যেমন – মুদি, বাসন, কসমেটিকস, খেলনা এবং স্টেশনারি দোকানে বিনিয়োগ করতে পারবেন।
প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করে বলেন, এই যোজনা ‘লখপতি দিদি’ তৈরি করার কেন্দ্রীয় লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। কেন্দ্র দেশের মধ্যে কমপক্ষে ৩ কোটি লখপতি দিদি তৈরি করতে চাইছে, এবং তিনি নিশ্চিত যে এর মধ্যে সবচেয়ে বেশি লখপতি দিদি বিহার থেকেই উঠে আসবেন।