নিরাপত্তার ত্রুটি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল চেন্নাই হাইকোর্ট! অভিনেতা বিজয়ের র‍্যালিতে পদপিষ্টে মৃত্যুর পর দায় কার?

তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের তামিঝাগা ভেট্রি কাজাগাম (TVK) পার্টির র‍্যালিতে পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর এখন প্রশ্ন উঠছে, কেন চেন্নাই হাইকোর্টের কঠোর নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা উপেক্ষা করা হলো?

‘প্রাণহানি হলে কে দায়ী?’
বিজয়কে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমানোর কারণে তাঁর মিছিল ভিড়ের কারণে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। এর আগেও রাজনৈতিক জনসভায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আদালত কঠোর নির্দেশ দিয়েছিল।

নিরাপত্তার ত্রুটি নিয়ে চেন্নাই হাইকোর্ট আগেই সতর্ক করেছিল এবং স্পষ্ট প্রশ্ন তুলেছিল: “প্রাণহানি হলে কে দায়ী?” আদালত প্রত্যেক দলের রাজনৈতিক সমাবেশের জন্য একই ধরনের নিরাপত্তা বিধি জারি করার নির্দেশ দিয়েছিল এবং বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছিল।

কিন্তু কারুরের এই জনসভায় আদালতের সতর্কতা উপেক্ষা করা হয়েছিল কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।

কেন্দ্রীয় রিপোর্ট তলব ও দুর্ঘটনার কারণ
করুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। জনসভায় প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়েছিল। ভিড় সামলাতে না পেরে শ্বাসকষ্টের কারণে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং তার মধ্যেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার এই চরম ব্যর্থতার দায়ভার কার, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।