নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়ালে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কা, চাপা পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু বীরভূমে

বীরভূমের মুরারই থানার অন্তর্গত পলশা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টর সজোরে ধাক্কা মারে একটি পাকা বাড়ির দেওয়ালে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দেওয়ালের কার্নিশ ভেঙে পড়ে এবং তার চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম হলো আসলিমা খাতুন (৮) এবং আরিয়ান শেখ (৭)। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের বাড়ি মুরারই থানার অন্তর্গত পলসা নিমতলিপাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে পলসা গ্রামে ঢোকার মুখে। ধান বোঝাই ট্রাক্টরটি মাঠ থেকে দ্রুত গতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। সেই সময়েই ওই চারজন শিশু তাদের গৃহশিক্ষকের কাছ থেকে পড়া শেষ করে বাড়ির উদ্দেশে ফিরছিল। ট্রাক্টরের ধাক্কায় আচমকা দেওয়াল ভেঙে পড়লে তারা তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তড়িঘড়ি শিশুদের উদ্ধার করে মুরারই হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসক দুই শিশুকে (আসলিমা খাতুন ও আরিয়ান শেখ) মৃত বলে ঘোষণা করেন।
আহত দুই শিশুর নাম হলো বছর পাঁচেকের মেহেক খাতুন এবং সুফিয়া খাতুন। আহতদের মধ্যে মেহেকের বাম পায়ে ও মাথায় চোট লেগেছে, সুফিয়ার মাথা ফেটে গিয়েছে। তারা দু’জনেই বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। মুরারই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।