নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাঁশবোঝাই ট্রাক্টর, মালদায় চালকের মৃত্যু

জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে পুরাতন মালদার এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুরাতন মালদহের শিমুলঢাব এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের নিচে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টরটি রাস্তার ডিভাইডারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং বাঁশবোঝাই অবস্থায় জাতীয় সড়কের নিচে জমিতে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ট্রাক্টরের চালক, শফিকুল ইসলাম, ঘটনাস্থলেই মারা যান।

ট্রাক্টর দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সাহায্যে শফিকুল ইসলামকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তার প্রাণ চলে গেছে। শফিকুল ইসলাম পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের বড়কল এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।