মাদক কেনার টাকার জন্য বাবাকে খুন, মৃতদেহের পাশে ঘুমিয়ে রাত কাটালো ছেলে

পারিবারিক কলহের জেরে বাবার মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে খুন করার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। খুনের পর সে গোটা রাত বাবার লাশের পাশেই ঘুমিয়ে কাটিয়েছে। এই ঘটনার পরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের সূত্র অনুযায়ী, নয়ডার সরফবাদ গ্রামে ৪৩ বছর বয়সী গৌতম নামে এক যুবককে তার ছেলে উদয় খুন করে। উদয় পুলিশকে জানিয়েছে যে, জমি সংক্রান্ত বিবাদ এবং প্রতিদিনের হাতখরচের টাকা কমিয়ে দেওয়ায় সে বাবার ওপর ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন মদ কেনার জন্য টাকা চাইলে বাবা তা দিতে অস্বীকার করেন। রাগের মাথায় উদয় তার বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সে তার মৃতদেহের পাশেই শুয়ে ঘুমিয়ে পড়ে।

রবিবার সকালে গৌতমের ভাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদয়কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

একই ধরনের নৃশংস ঘটনা গত মাসে মহারাষ্ট্রের লাতুরেও ঘটেছে। জমি নিয়ে বিবাদের জেরে ৪৫ বছর বয়সী বাবান ঘুতে তার ৭০ বছর বয়সী মা লক্ষ্মীবতী ঘুগেকে খুন করে মাটিতে পুঁতে দেয়। জানা গেছে, বাবান তার মাকে জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু তার মা রাজি ছিলেন না। ঘটনার পর লক্ষ্মীবতী নিখোঁজ হলে গ্রামবাসীরা তাকে খুঁজতে শুরু করে। পরে আখ ক্ষেতে নতুন মাটি খোঁড়ার চিহ্ন দেখে সন্দেহ হলে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাকে খুন করার কয়েক ঘণ্টা পর বাবান তার বাড়ির কাছে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, অপরাধবোধ এবং গ্রেফতারের ভয়ের কারণে সে এই কাজ করেছে। মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর একই চিতায় দাহ করা হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা হতবাক।