নিম্নচাপ সরতেই আবহাওয়ায় বড় বদল! আজ কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা?

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলার উপকূল এলাকা থেকে আপাতত নিম্নচাপের প্রভাব কেটে গেছে। এর জেরে আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা এক-দু’পশলা বৃষ্টির দেখা মিলতে পারে। অন্যদিকে, বৃষ্টির মূল সতর্কতা থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। আজ কোন অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে, এক নজরে দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়া ও তাপমাত্রা: আজ বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত) কলকাতায় মোট ৮.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। আজ উত্তরবঙ্গের সবকটি জেলারই কিছু না কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।