নিত্যযাত্রীদের চরম ভোগান্তি, সোদপুরের বেহাল ফ্লাইওভার বন্ধ হচ্ছে ২ মাস! আংশিক মেরামতির কারণে যান চলাচলে বড় রদবদল

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সোদপুরের ফ্লাইওভারের অবশেষে সংস্কার কাজ শুরু হতে চলেছে। আর এর জেরেই আগামী দুই মাস ধরে এই গুরুত্বপূর্ণ সেতুটি আংশিকভাবে বন্ধ থাকবে। ফ্লাইওভারের গার্ডারের বিয়ারিং বদলের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার ছোট গাড়ি এবং একাধিক রুটের বাস এই ব্রিজটি ব্যবহার করে, ফলে কাজ চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েছে প্রশাসন।

নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে ফ্লাইওভারটি আপাতত ওয়ান-ওয়ে (One-way) করা হয়েছে। মধ্যমগ্রাম দিক থেকে আসা গাড়িগুলি ব্রিজে উঠতে পারলেও, বিটি রোডের দিক থেকে কোনও যানবাহন, এমনকি সাইকেলও এখন আর মধ্যমগ্রামের দিকে যেতে পারবে না।

অফিস টাইমে বাড়ছে চাপ: বিকল্প রাস্তার ভরসা

প্রশাসন পরিস্থিতি বুঝে আপাতত বিকল্প রাস্তায় গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে এবং যানজট নিয়ন্ত্রণের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে। কিন্তু এই পদক্ষেপের পরেও নিত্যযাত্রীদের ভোগান্তি থেকেই যাচ্ছে। বিশেষ করে অফিস টাইমে এই রদবদলের কারণে সড়কে চাপ সবচেয়ে বেশি বাড়ছে।

এই বিষয়ে বিজেপি-র যুবনেতা জয় সাহা বলেছেন, “সাময়িক অসুবিধা হলেও রাস্তা সংস্কার হয়ে গেলে দিনের শেষে মানুষেরই উপকার হবে। সমস্যাও অনেকটাই কমে যাবে।” অন্যদিকে, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, “দু’মাস ব্রিজ বন্ধ থাকবে। শুধুমাত্র মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে আসা সমস্ত গাড়ি ব্রিজ পারাপার করতে পারবে।”

সাম্প্রতিককালে দফায় দফায় বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতুও। মেরামতির কারণে সেই সেতু বন্ধ থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। এবার সোদপুরের এই ব্যস্ততম ফ্লাইওভারের মেরামতিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় কেমন পরিস্থিতি দাঁড়ায়, সেটাই দেখার বিষয়।