আইসক্রিমের লোভ দেখিয়ে তিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ওড়িশার মালকানগিরিতে গ্রেফতারি পরোয়ানা জারি

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-৭৯ থানার অন্তর্গত একটি গ্রামে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা সামনে এসেছে। আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫, ৬, ও ৭ বছর বয়সী তিন নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ৪৮ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক।
জানা গিয়েছে, সোমবার বিকেল নাগাদ ওই তিন শিশু খেলা করছিল। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাদের ডেকে আইসক্রিম কিনে দেওয়ার লোভ দেখায়। প্রলোভনে পড়ে তিনজন তার সঙ্গে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি তাদের ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলে অভিযুক্ত শিশুদের হুমকিও দেয়।
মঙ্গলবার নির্যাতিতা তিন নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুরা বাড়িতে ফেরার পর তাদের আচরণে অস্বাভাবিকতা দেখে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তারা ঘটনার কথা জানায়।
তদন্তে বিশেষ দল গঠন
গুরুতর অভিযোগ পাওয়ামাত্র পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের ঠিকানা ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেহেতু অভিযুক্ত পলাতক, তাই তাকে দ্রুত গ্রেফতারের জন্য এমভি-৭৯ থানার পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
এমভি-৭৯ থানার আইআইসি চন্দ্রশেখর তান্ডি বলেন, “এটি একটি গুরুতর বিষয়। আমরা ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করছি। নির্যাতিতাদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আমরা অপরাধস্থল খতিয়ে দেখব। অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।”
নির্যাতিতাদের মা জানিয়েছেন, “আমরা আইনের কাছে ন্যায়বিচার চাইছি। শিশুরা যখন খেলছিল, তখন তাদের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করছি।” এই ঘটনায় গোটা গ্রামে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং গ্রামবাসী পুলিশের কাছে কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।