উত্তর কোরিয়ার একাধিপত্য কি এবার টালমাটাল হতে চলেছে? গত কয়েকদিন ধরে বিশ্ব রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। কিম জং উনের ১৩ বছরের কন্যা কিম জু এ (Kim Jong Un’s Daughter) কি বাবার উত্তরসূরি হতে চলেছেন? না কি ক্ষমতার রাশ নিজের হাতে রাখতে মরিয়া কিমের দাপুটে বোন ৩৮ বছর বয়সি কিম ইয়ো জং? পিসি বনাম ভাইঝির এই অদৃশ্য লড়াইয়ে এখন তোলপাড় পিয়ংইয়ং।
কেন আলোচনায় কিম-কন্যা?
২০২২ সালের নভেম্বর মাসে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় প্রথমবার বাবার সঙ্গে প্রকাশ্যে আসে কিম জু এ। এরপর থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক অনুষ্ঠানে কিমের পাশেই দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’ (NIS)-এর দাবি, কিম জং উন আসলে তাঁর এই কন্যাকেই পরবর্তী শাসক হিসেবে তৈরি করছেন।
কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পিসি!
তবে এই পথে বড় বাধা কিমের বোন কিম ইয়ো জং। কেন তিনি বিপজ্জনক?
-
প্রশাসনিক ক্ষমতা: তিনি বর্তমানে উত্তর কোরিয়ার সরকারের অত্যন্ত উচ্চপদে রয়েছেন।
-
সেনাবাহিনীতে প্রভাব: কিম ইয়ো জং-এর ইশারা ছাড়া সেনাবাহিনীতে একটি পাতাও নড়ে না বলে দাবি বিশেষজ্ঞদের।
-
উত্তরাধিকার দাবি: দাদার অবর্তমানে নিজেকেই স্বঘোষিত শাসক মনে করেন তিনি। ফলে ভাইঝির গুরুত্ব বেড়ে যাওয়াটা তিনি ভালোভাবে নিচ্ছেন না বলেই খবর।
রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি?
কিম পরিবারের ক্ষমতার লড়াই নতুন কিছু নয়। এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে কিম জং উন তাঁর নিজের কাকা ও রাজনৈতিক গুরু জ্যাং সং থায়েককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এমনকি তাঁর সৎ ভাই কিম জং ন্যামের কুয়ালালামপুর বিমানবন্দরে রহস্যজনক মৃত্যু নিয়েও আঙুল উঠেছিল কিমের দিকেই।
নজরে আগামী সম্মেলন
ফেব্রুয়ারি মাসেই উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে একটি বড় মাপের রাজনৈতিক সম্মেলন। ওয়াকিবহাল মহলের ধারণা, সেখান থেকেই কিম তাঁর উত্তরাধিকারী নিয়ে কোনও বড়সড় সংকেত দিতে পারেন। এখন প্রশ্ন হলো, পিসি কি তাঁর ভাইঝিকে ক্ষমতার অলিন্দে পৌঁছতে দেবেন? নাকি কিম পরিবারে ফের শুরু হবে কোনো রক্তক্ষয়ী অধ্যায়?