নিজের বাড়িতেই রাসায়নিকমুক্ত ধনেপাতা ফলান, মাত্র দুই সপ্তাহে! জেনে নিন সহজ পদ্ধতি

খাবারে স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি মেলা ভার। তবে বাজার থেকে কেনা ধনেপাতায় অনেক সময় রাসায়নিক ব্যবহার করা হয়। আপনি চাইলে খুব সহজে কোনো রাসায়নিক সার ছাড়াই বাড়িতেই টাটকা ধনেপাতা ফলাতে পারেন। মাত্র দুই সপ্তাহের মধ্যেই আপনি নিজের হাতে ফলানো ধনেপাতা রান্নায় ব্যবহার করতে পারবেন। চলুন, দেখে নেওয়া যাক পুরো পদ্ধতিটি।

পদ্ধতি
১. মাটি তৈরি: প্রথমে একটি পাত্র নিন এবং তার নিচে কয়েকটি ছিদ্র করে নিন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এবার এক ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট মিশিয়ে পাত্রের নিচে কিছু পাথর দিয়ে তার ওপর মাটির মিশ্রণটি দিন।

২. বীজ প্রস্তুত: একটি কাপড়ে কিছু ধনে বীজ নিন এবং হালকা করে চাপ দিয়ে পিষে ফেলুন। এতে বীজগুলো দু’ভাগে ভাগ হয়ে যাবে। এবার এই বীজগুলো সারা রাত জলে ভিজিয়ে রাখুন।

৩. বীজ বপন: পরদিন সকালে মাটির উপর ভেজানো বীজগুলো ছড়িয়ে দিন। বীজগুলোর উপর খুব পাতলা করে মাটির আরেকটি স্তর অথবা কোকোপিট দিয়ে ঢেকে দিন। এরপর হালকা করে জল স্প্রে করুন। খেয়াল রাখবেন, মাটি যেন কখনোই পুরোপুরি শুকিয়ে না যায়।

৪. যত্ন এবং পরিচর্যা: প্রতিদিন হালকা হাতে জল স্প্রে করতে থাকুন। ১০ থেকে ১২ দিনের মধ্যেই দেখবেন ছোট চারা বের হয়েছে। এই সময় চারাগুলোকে পাখির হাত থেকে বাঁচাতে একটি ঝুড়ি দিয়ে ঢেকে রাখুন।

৫. ফসল সংগ্রহ: দুই সপ্তাহের মধ্যে আপনার ধনেপাতা গাছ ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। যখন গাছ ভালোভাবে বেড়ে উঠবে, তখন এটিকে রোদে রাখতে পারেন। গাছ থেকে পাতা তুলে নেওয়ার পরও নতুন পাতা গজাতে থাকবে। এই পদ্ধতিতে সারা বছরই আপনি নিজের বাগানের টাটকা ধনেপাতা ব্যবহার করতে পারবেন।