গণধর্ষণের পর ‘আরজি করের মতো ঘটনা’ ঘটানোর হুমকি! পলাতক প্রতিবেশী মূল অভিযুক্ত

গণধর্ষণের শিকার ১৯ বছরের এক তরুণীকে ‘আরজি করের মতো ঘটনা’ ঘটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পলাতক অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় দত্তপুকুর থানার পুলিশ ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী দুই যুবক সঞ্জয় দাস এবং শুভ সাহা রাতের অন্ধকারে ওই তরুণীর বাড়িতে চিলেকোঠা দিয়ে ঢুকে তাঁর ঘরে প্রবেশ করে। পাশের ঘরে তাঁর মা ঘুমিয়ে ছিলেন। অভিযুক্তরা প্রথমে তাঁর মায়ের ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়, এরপর ঘুমন্ত অবস্থায় তরুণীকে গণধর্ষণ করে। নির্যাতিতা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। পরে কোনোমতে তিনি মায়ের ঘরের ছিটকিনি খুলে দিলে দুই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর নির্যাতিতা দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয় দাসকে গ্রেফতার করলেও আরেক অভিযুক্ত শুভ সাহা এখনো পলাতক। পুলিশের কাছে করা অভিযোগে তরুণীর পরিবার জানিয়েছে, কেন থানায় অভিযোগ করা হয়েছে, সেই কারণে শুভ তাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি, অভিযোগ প্রত্যাহার না করলে তাদের সাথে ‘আরজি করের মতো ঘটনা’ ঘটিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কে তরুণীর পরিবার কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে।

বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস (জোনাল) জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আরেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। তবে, এই ধরনের হুমকি পুলিশ প্রশাসনের কাছেও একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারে নিরাপত্তা নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান কাজ।