“নিখোঁজ শিশুকে খুঁজতে গিয়েই…?”-জনসভায় পদপিষ্টের পর বিজয়-এর আর্তনাদ, কি বললেন সুপারস্টার

তামিল সুপারস্টার তথা রাজনীতিবিদ বিজয়-এর নতুন দল তামিলাগা ভেটরি কাজাগম (TVK)-এর জনসভায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে করুরে, যেখানে বিজয়কে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, জনসভার মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যা নিখোঁজ হওয়ায় পরিস্থিতি চরম বিশৃঙ্খল হয়ে ওঠে। সেই শিশুকে খুঁজতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয় এবং ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশৃঙ্খলার সময় TVK প্রধান বিজয়কে মঞ্চ থেকে বলতে শোনা যায়, “পুলিশ দয়া করে সাহায্য করুন”। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবশেষে লাঠিচার্জ করে। আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করে লেখেন, “করুরে রাজনৈতিক সমাবেশের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি দুঃখজনক। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য সমবেদনা রইল।”

দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত বিজয় ‘এক্স’ (আগে টুইটার)-এ পোস্ট করে লেখেন, “হৃদয় বিদারক ঘটনা… অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং শোকের মধ্যে আছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। করুরে প্রাণ হারানো প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি আহতদের সুষ্ঠু চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি আজ, রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তামিলনাড়ু সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।